উত্তরদিনাজপুর

সংগঠনকে চাঙ্গা করতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

পঞ্চায়েত ভোটের ঘন্টা বেজে ওঠার আগেই তোড়জোড় শুরু করে দিল বিভিন্ন রাজনৈতিক দল। গ্রামের সংগঠনকে চাঙ্গা করতে শেষ পর্যায়ের প্রস্তুতি নিতে ব্যস্ত রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। তাই উত্তর দিনাজপুর জেলায় সংগঠনকে চাঙ্গা করতে শুক্রবার রায়গঞ্জে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
        এদিন ইন্সটিটিউট হলে পাঁচটি বিধানসভা এলাকার বিভিন্ন মোর্চা নেতৃত্ব ও মন্ডল কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃত্বকে নিয়ে কর্মীসভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভায় দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝান্ডার জয় নিশ্চিত করার শেষ পর্যায়ের টিপসও দেন তিনি। এবারের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তৃণমূল একমাত্র বিজেপিকে ভয় পাচ্ছে। তাই বিধানসভা ভোটের পর থেকেই বিজেপি নেতা কর্মীরা বহু জায়গায় আক্রান্ত হচ্ছেন। বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে দলীয় নেতা কর্মীদের। বিজেপিকে যতরকম ভাবে আটকানোর চেষ্টা করছে তৃণমূল, বিজেপি তা প্রতিহত করে জয় লাভ করবে বলে দাবী করেন তিনি।

        সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, রাজ্যের ৪৯ হাজার বুথেই প্রার্থী দেবে বিজেপি। পঞ্চায়েত ভোটে লড়াই করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে ইতি মধ্যেই। তৃণমূলকে সমানে সমানে টক্কর দেবে বিজেপি বলেও জানান তিনি। সেই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহেই ভোট পর্ব শেষ হয়ে যাবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, জেলায় বিজেপির জন্য রাজনৈতিক পরিস্থিতি খুব ভালো রয়েছে। কংগ্রেস ও সিপিএম উধাও হয়ে গিয়েছে। বিরোধী আসন এখন দখল করেছে বিজেপি। তাই পঞ্চায়েত ভোটে লড়াই করে জেতার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।